ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকা থেকে এসব অলিভ অয়েল জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় পায়ে হেঁটে টহল দিচ্ছিল।
এ সময় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় কুড়িগ্রামগামী একটি নসিমনকে থামার সংকেত দেয় পুলিশ। তবে নসিমনটি সংকেত অমান্য করে দুটি সাদা বস্তা ফেলে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, চোরাকারবারে জড়িতদের শনাক্ত এবং জব্দ করা মালামালের সঠিক মালিকানা নির্ধারণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, চোরাচালান, মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন